জাবিতে প্রক্টরের পর এবার চার সহকারী প্রক্টরের পদত্যাগ

গাজীপুর, ৩০ জুলাই – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্টরের পদত্যাগের পর এবার একসঙ্গে চারজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগকারী সহকারী প্রক্টররা হলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক এক অফিস আদেশে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী ২ বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছে। এর আগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম।
গত ১২ মে মধ্যরাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে তালা দিয়ে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।
ফলে পদত্যাগের আগ পর্যন্ত টানা ৭৮ দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক ঘটনার পাশাপাশি বিএনপিপন্থি শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনও এই গণপদত্যাগের পেছনে ভূমিকা রাখতে পারে।
এস এম/ ৩০ জুলাই ২০২৬









