শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

ঢাকা, ২০ আগস্ট – চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ওই দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

এছাড়া বরাবরের মতো মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে। এ বছর পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য চার লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে তত্ত্বীয় বা লিখিত বিষয়ে আবেদনের সংখ্যা ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক বিষয়ে আবেদনের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

পরিসংখ্যান অনুযায়ী, একজন শিক্ষার্থী গড়ে তিনটি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি আবেদন পড়েছে। এর মধ্যে তত্ত্বীয় বিষয়ে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক বিষয়ে ৫৮ হাজার ১২টি আবেদন রয়েছে।

অন্যান্য বোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডে ১ লাখ ১২ হাজার ৬১১টি, রাজশাহী বোর্ডে ১ লাখ ২২ হাজার ২২৮টি, যশোর বোর্ডে ৯১ হাজার ৫৯টি, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৭ হাজার ৬০১টি, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮৬টি, সিলেট বোর্ডে ৬০ হাজার ৯৭৪টি, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১১ হাজার ২৬০টি এবং ময়মনসিংহ বোর্ডে ৮৭ হাজার ১৫৭টি আবেদন জমা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৯টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২১৪টি আবেদন পড়েছে।

এস এম/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language