রাজধানীর বাড্ডায় গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড

ঢাকা, ২৯ জুলাই – রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার অপরাধে তার ব্যক্তিগত গাড়িচালককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৩ এর বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ফ্ল্যাটে আফরোজা সুলতানাকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই মো. আল মঞ্জিল বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে যে, আসামি মো. হৃদয় বেপারী অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে প্রচুর টাকা লোকসান করেন।
জুয়ার সেই ঋণ পরিশোধ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি আফরোজাকে একা পেয়ে চাকু দিয়ে হত্যা করেন। পুলিশ আসামির স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, লুণ্ঠিত ২২ গ্রাম স্বর্ণালঙ্কার এবং ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে।
ডিবি গুলশান জোনের সাব ইনস্পেক্টর মো. রিপন উদ্দিন এই মামলায় চার্জশিট দাখিল করেছিলেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মাত্র ৩০ কার্যদিবসের মধ্যে এই বিচার কাজ শেষ হয়।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, বিশ্বস্ত কর্মচারী হয়েও বিশ্বাসের সুযোগ নিয়ে একজন নিরপরাধ নারীকে ঠান্ডা মাথায় বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে যা বিরলতম অপরাধের অন্তর্ভুক্ত।
এস এম/ ২৯ জুলাই ২০২৬









