উত্তর আমেরিকা

আইটি বিপর্যয়ে যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত

ওয়াশিংটন, ২৯ জুলাই – যুক্তরাষ্ট্রজুড়ে আইটি ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের কারণে আমেরিকান এয়ারলাইন্সের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ এই প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হলে হাজার হাজার উড্ডয়নপ্রত্যাশী যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমেরিকান এয়ারলাইন্স এবং তাদের আঞ্চলিক সহযোগী বাহকগুলোর উড্ডয়ন স্থগিত করতে বাধ্য হয় এফএএ। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কারিগরি ত্রুটি কাটিয়ে তাদের সিস্টেমগুলো পুনরায় সচল করার পর মাত্র ৪৮ মিনিটের মাথায় অর্থাৎ সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে যে তাদের প্রযুক্তিগত দলের দ্রুত পদক্ষেপে ব্যবস্থা সচল হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই অসুবিধার জন্য তারা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তবে কেবল এই আইটি বিপর্যয়ই নয়, একই সময়ে মার্কিন পূর্ব উপকূল জুড়ে হঠাৎ শুরু হওয়া প্রলয়ঙ্করী বজ্রঝড় স্বাভাবিক বিমান চলাচলে বাড়তি বিঘ্ন ঘটায়। বিশ্বখ্যাত ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, ওইদিন আমেরিকান এয়ারলাইন্সের ১১০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয় যা তাদের প্রতিদিনের নির্ধারিত সূচির প্রায় ৩০ শতাংশ।

একই সাথে অন্তত ২২১টি বা ৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আগের সপ্তাহের একই সময়ের তুলনায় মঙ্গলবার রাত ৭টায় তাদের প্রায় ১৩০টি কম বিমান আকাশে উড়ছিল।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button