সম্পদের হিসাব না দেয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

ঢাকা, ২৮ জুলাই – সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। এই প্রেক্ষিতে তার ও তার নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর এবং অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়।
গত বছরের ২৭ অক্টোবর তিনি ব্যক্তিগতভাবে নোটিশ ও ফরম গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করেননি। নির্দিষ্ট সময়ে তথ্য প্রদান না করায় এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে গত বছরের ২৩ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। পরবর্তীতে ২৫ অগাস্ট দুদকের আরেক উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।
গত বছরের ৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার এই চূড়ান্ত রায় প্রদান করেন।
এনএন/ ২৮ জুলাই ২০২৬









