মধ্যপ্রাচ্য

কারও সঙ্গে যোগাযোগ করছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

তেহরান, ২৭ জুলাই – ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে কারও সঙ্গেই যোগাযোগ রক্ষা করছেন না বলে জানিয়েছেন তার শ্বশুর গোলাম আলি হাদ্দাদ আদেল। রবিবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ তে প্রকাশিত ওই বিবৃতিতে হাদ্দাদ আদেল উল্লেখ করেন যে, সুনির্দিষ্ট কিছু কারণে মোজতবা খামেনি বর্তমানে কোনো দল বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন না। তবে এই গোপনীয়তার বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেননি।

হাদ্দাদ আদেল আরও জানান, মোজতবা খামেনি সব দিক থেকেই তার প্রয়াত পিতা আলি খামেনির আদর্শের অনুসারী। বিবৃতিতে তিনি মোজতবা খামেনির সুস্বাস্থ্যও কামনা করেছেন। উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনের পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

তার মৃত্যুর পর মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি সৌদি সংবাদমাধ্যম আল হাদাথ ইসরায়েলি সূত্রের বরাতে দাবি করেছে যে মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই। যদিও তার অবস্থান নিয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

এর আগে মোজতবা খামেনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন বলে গুঞ্জন শোনা গেলেও ইরান সরকার তা নাকচ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দেশেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language