মুক্তিযোদ্ধাদের সম্মানি ও বিভিন্ন ভাতা বাড়াল সরকার

ঢাকা, ২৭ জুলাই – বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতাসহ বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত এই সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে মুক্তিযোদ্ধাদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন হারের বিস্তারিত তথ্য অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাবধারীরা মাসিক ৩০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন।
এর পাশাপাশি তারা ১০ হাজার টাকা উৎসব ভাতা, ৫ হাজার টাকা বিজয় দিবস ভাতা এবং ২ হাজার টাকা বাংলা নববর্ষ ভাতা পাবেন। অন্যদিকে বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। তারাও সমপরিমাণ উৎসব ও বিশেষ দিবস ভাতা পাবেন।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক মূল সম্মানি ভাতা বাড়িয়ে ২৩ হাজার টাকা করা হয়েছে। এর বাইরে তারা ২ হাজার টাকা চিকিৎসা ভাতা, ৫ হাজার টাকা খাদ্য ভাতা, ২৩ হাজার টাকা উৎসব ভাতা এবং ২ হাজার টাকা নববর্ষ ভাতা পাবেন।
এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে বিভক্ত করে ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। ৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম ক শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা, খ শ্রেণির মুক্তিযোদ্ধারা ২৮ হাজার টাকা, গ শ্রেণির মুক্তিযোদ্ধারা ২৩ হাজার টাকা এবং ১ থেকে ১৯ শতাংশ অক্ষম ঘ শ্রেণির মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা মাসিক সম্মানি পাবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই পদক্ষেপ তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
এস এম/ ২৭ জুলাই ২০২৬









