ঢাকাসহ ১০ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ২৩ জুলাই – রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে।
আবহাওয়ার তথ্যানুযায়ী, আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সারাদেশে সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর আরও জানায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এনএন/ ২৩ জুলাই ২০২৬









