জাতীয়

এলডিসি উত্তরণে সময় বৃদ্ধির সুপারিশ ইকোসকের, বাংলাদেশের যৌক্তিক দাবি আমলে নিল জাতিসংঘ

ঢাকা, ২২ জুলাই – বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)।

মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ইকোসকের বৈঠকে সদস্যরাষ্ট্রগুলো সর্বসম্মতভাবে এই সুপারিশ অনুমোদন করে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে পাঠানো হয়েছে।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষ থেকে প্রস্তুতিকাল বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, এলডিসি থেকে টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে অতিরিক্ত সময়ের কোনো বিকল্প নেই।

এর আগে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) দুই দেশের আবেদন পর্যালোচনা করে ইতিবাচক মত দিয়েছিল। সিডিপির সেই সুপারিশের ভিত্তিতেই ইকোসক সাধারণ পরিষদে প্রস্তাবটি পাঠানোর সিদ্ধান্ত নেয়।

বর্তমান সময়সীমা অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে সাধারণ পরিষদ চূড়ান্ত অনুমোদন দিলে দেশ দুটি বাড়তি তিন বছর সময় পাবে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এই বাড়তি সময় প্রয়োজনীয় নীতিগত সংস্কার বাস্তবায়ন এবং এলডিসি পরবর্তী সময়ের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সময় বাড়ানোর আবেদনের পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, চলমান সংস্কার কার্যক্রম সংহত করা এবং একটি মসৃণ উত্তরণ কৌশল নিশ্চিত করা।

গত কয়েক বছরে কোভিড মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি ও খাদ্যবাজারের অস্থিরতা বাংলাদেশের প্রস্তুতিকে বিঘ্নিত করেছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ আর্থিক খাতের চ্যালেঞ্জ এবং রাজনৈতিক পটপরিবর্তনও এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসির অন্তর্ভুক্ত হয়। ২০১৮ এবং ২০২১ সালের মূল্যায়নে মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা সূচকে বাংলাদেশ সফলভাবে উত্তীর্ণ হয়। এর আগে প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের কারণে সলোমন দ্বীপপুঞ্জ এবং মালদ্বীপের এলডিসি উত্তরণের সময়সীমাও একইভাবে বৃদ্ধি করা হয়েছিল।

এনএন/ ২২ জুলাই ২০২৬


Back to top button