খালেদা জিয়াকে হেনস্তার অভিযোগে ৩ নারী পুলিশ কর্মকর্তাসহ ১৭ জনের অবসরের প্রক্রিয়া

ঢাকা, ২২ জুলাই – সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তারের সময় অসদাচরণের অভিযোগে বাংলাদেশ পুলিশের তিন নারী অতিরিক্ত ডিআইজিসহ মোট ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে বর্তমানে একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশে, একজন সিআইডিতে এবং অন্যজন নৌপুলিশে কর্মরত রয়েছেন।
আজ বা কালকের মধ্যেই তাদের অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি আনুগত্য, বিগত জাতীয় নির্বাচনে অনিয়মে সহযোগিতা এবং বিরোধী দল দমনে ভূমিকার জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে তিন নারী কর্মকর্তার বিরুদ্ধে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের সময় হেনস্তা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নথিতে তাদের ফ্যাসিবাদের সহযোগী হিসেবে অভিহিত করা হয়েছে এবং বলা হয়েছে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদোন্নতি বাগিয়ে নিয়েছিলেন।
বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ওয়ালিদ হোসেন ও সানা শামীনুর রহমান। এছাড়া তালিকায় ১২ জন অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার এবং একজন উপপুলিশ কমিশনারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতির পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ২২ জুলাই ২০২৬









