দক্ষিণ এশিয়া

ভারতে মেডিকেল প্রশ্ন ফাঁসের আন্দোলন: আলোচনায় বসতে শর্ত দিল সিজেপি

নয়াদিল্লি, ২২ জুলাই – মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে কড়া শর্ত জুড়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সাফ জানিয়ে দিয়েছেন যে সরকার যদি প্রকৃতপক্ষেই আলোচনা করতে চায় তবে তাদের যন্তর মন্তরে আন্দোলনকারীদের কাছেই আসতে হবে।

বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে অভিজিৎ বলেন যে আলোচনার জন্য যন্তর মন্তরকেই বেছে নিতে হবে এবং সেখানে এসেই সরকারের পক্ষ থেকে আলোচনা শুরু করতে হবে। তিনি আরও বলেন যে সরকারকে আমাদের দেওয়া শর্তগুলো মেনে নিতে হবে এবং আমরা তাদের আমাদের দাবিদাওয়াগুলোতে রাজি হওয়ার জন্য অনুরোধ করব। সরকারের দাম্ভিকতা অবশ্যই চূর্ণ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সরকারি একটি সূত্র জানিয়েছে যে আন্দোলনকারীরা আলোচনার জন্য এলে তারা প্রস্তুত রয়েছে। তবে সিজেপির মুখপাত্র আষুতোশ রাঙ্কা এ বিষয়ে কিছুটা নমনীয় সুর প্রকাশ করেছেন। তিনি বলেন যে সরকারের সাথে কোনো নিরপেক্ষ স্থানে অথবা সরাসরি যন্তর মন্তরে আলোচনা হতে পারে। তবে আলোচনার প্রধান শর্ত হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছেন।

এদিকে নিজেদের অনড় অবস্থানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ দীপকে সোমবারের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন যে গত ২০ জুলাই তাদের প্রতিনিধিদের আলোচনার কথা বলে ডেকে নিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল। একই সময়ে পার্লামেন্ট অভিমুখে মিছিল করা বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।

উল্লেখ্য যে সোমবার সিজেপির দুজন প্রতিনিধি বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনার উদ্দেশ্যে গিয়েছিলেন।

এনএন/ ২২ জুলাই ২০২৬


Back to top button