নয়াদিল্লিতে বিক্ষোভের মাঝে বার্গার খেয়ে পদ হারালেন সিজেপি মুখপাত্র বিজেতা দাহিয়া

নয়াদিল্লি, ২২ জুলাই – ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনের সময় বার্গার খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় পদ হারিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র বিজেতা দাহিয়া। সোমবার দলটির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিজেপি এক বিবৃতিতে জানিয়েছে, আন্দোলনের মতো স্পর্শকাতর সময়ে তার এমন আচরণ অসংবেদনশীল এবং দায়িত্বজ্ঞানহীন। এটি দলের নীতি ও মূল্যবোধের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। উল্লেখ্য, সোমবার সিজেপির সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় নয়াদিল্লি। পুলিশি অ্যাকশনে অন্তত ১৭৮ জন আহত হয়েছেন।
সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই বিজেতা দাহিয়ার একটি বার্গার খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলটিকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। তবে বিজেতা দাহিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি এই ঘটনাকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে বর্ণনা করে এর পেছনে বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের হাত রয়েছে বলে দাবি করেছেন। দাহিয়া জানান, তিনি টানা ১২ ঘণ্টা রাজপথে দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ক্ষুধা মেটাতে খাবার খাওয়া কোনো অপরাধ হতে পারে না।
তিনি আরও জানান, ওই দিন সিজেপির অন্য দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে থাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেননি। নিজের পদ হারানো প্রসঙ্গে তিনি বলেন, যদি তার এই ত্যাগে আন্দোলন শক্তিশালী হয় তবে তার কোনো আক্ষেপ নেই। কারণ ব্যক্তির চেয়ে আন্দোলনের লক্ষ্য অনেক বড়।
এস এম/ ২২ জুলাই ২০২৬









