ব্যবসা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল

ঢাকা, ২২ জুলাই – দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংগঠনটির নতুন এই সিদ্ধান্ত আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সাথে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। বাজুস জানিয়েছে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী ক্রেতাকে নির্দিষ্ট হারে মজুরি প্রদান করতে হবে।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button