ফুটবল

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়

নিউ জার্সি, ১৯ জুলাই – চলতি ২০২৬ বিশ্বকাপ ফুটবল থেকে রেকর্ড ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার আয় করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা। টুর্নামেন্ট শুরুর আগে ফিফার যে লক্ষ্যমাত্রা ছিল এই আয় তাকে বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার ফিফার সদস্য দেশগুলোকে আয়ের এই অভাবনীয় সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে জানান সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বিশ্বকাপ শুরুর আগে ফিফার প্রাক্কলিত আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১১ বিলিয়ন ডলার। তবে টুর্নামেন্ট শেষে তা আরও ৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ফিফার আয় এতটা বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হসপিটালিটি প্যাকেজ ও টিকিটের সেকেন্ডারি মার্কেট বা পুনঃবিক্রয় বাজার। চড়া মূল্যের এই টিকিট বাজার থেকে বড় অঙ্কের লভ্যাংশ পেয়েছে ফিফা। নিয়ম অনুযায়ী সেকেন্ডারি মার্কেটে টিকিট কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশ কমিশন কেটে নেয় সংস্থাটি।

নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগে ফিফার অফিসিয়াল পোর্টালে ভিআইপি টিকিটের আকাশচুম্বী দাম দেখা গেছে। সেখানে একেকটি ট্রফি লাউঞ্জ টিকিটের দাম ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৪ হাজার মার্কিন ডলার। রেকর্ড পরিমাণ এই আয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য রাজনৈতিকভাবে স্বস্তিদায়ক হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপজুড়ে ফিফাকে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড মওকুফ করা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। অভিযোগ ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে।

বিপুল এই আয়ের ফলে সদস্য দেশগুলোর জন্য অনুদান বৃদ্ধির সুযোগ তৈরি হওয়ায় ইনফান্তিনোর জন্য ২০২৭ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়া আরও সহজ হয়ে গেছে।

এদিকে বর্তমান বিশ্বকাপের আর্থিক সাফল্যে উজ্জীবিত হয়ে ২০৩৮ সালের বিশ্বকাপ আবারও যুক্তরাষ্ট্রে আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান পরবর্তী সময়ে তারা অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে নয় বরং এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে চান।

এনএন/ ১৯ জুলাই ২০২৬


Back to top button