ফুটবল

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পের চেয়ে পিছিয়ে মেসি: ফাইনালে হ্যাটট্রিকের কঠিন সমীকরণ

বুয়েনস আইরেস, ১৯ জুলাই – ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়ে বর্তমানে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে অনেকটা এগিয়ে রয়েছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে তিনি গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসিকে টপকে যান।

ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে ফ্রান্স হারলেও ১০ গোল এবং ৪টি অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পে এখন সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক মেসির গোল সংখ্যা বর্তমানে ৮টি এবং তার নামের পাশেও রয়েছে ৪টি অ্যাসিস্ট।

ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে গোল্ডেন বুট জয়ের জন্য মেসির সামনে এখন অত্যন্ত কঠিন সমীকরণ দাঁড়িয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী গোল সংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট বিবেচনায় নেওয়া হয়। যদি গোল এবং অ্যাসিস্ট উভয়ই সমান হয় তবে দেখা হয় কে কত কম সময় মাঠে ছিলেন।

সেই হিসেবেও এমবাপ্পে এগিয়ে আছেন। তাই ফাইনালে মেসিকে গোল্ডেন বুট জিততে হলে অন্তত ৩টি গোল বা হ্যাটট্রিক করতে হবে। অথবা দুটি গোলের পাশাপাশি তাকে অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে। বিগত ২০২২ কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে সর্বোচ্চ ৮টি গোল করে গোল্ডেন বুট অর্জন করেছিলেন।

চলতি আসরেও তিনি সেই ধারা বজায় রেখেছেন। অপরদিকে মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত গোল্ডেন বুট জিততে পারেননি।

তবে তিনি দুইবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতার অনন্য কীর্তি গড়েছেন। এখন দেখার বিষয় ফাইনালে স্পেনের বিপক্ষে জাদুকরী কিছু করে মেসি এই প্রথম গোল্ডেন বুট নিজের করে নিতে পারেন কি না।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button