দক্ষিণ আমেরিকা

ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ আখ্যা দিয়েছিলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

বুয়েনস আইরেস, ১৬ জুলাই – বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের আগে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েল। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণের আগে তিনি ইংরেজদের দখলদার জলদস্যু হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেন যে, তারা দখলদার জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছেন এবং এটি কোনো সাধারণ ম্যাচ নয়। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ তথা মালভিনাস নিয়ে দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

ভিলারুয়েল স্পষ্ট করেন যে তিনি কোনো রাজনৈতিক শিষ্টাচার বা সংযত আচরণের ধার ধারছেন না। তার মতে, ইংরেজদের বিরুদ্ধে খেলা মানেই বিশেষ কিছু। তিনি এই লড়াইকে প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবং বর্তমান মহাতারকা লিওনেল মেসির শেষ অভিযানের সাথে তুলনা করেন।

তিনি সমর্থকদের উদ্দেশ্যে লেখেন যে, আর্জেন্টিনা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের অধিকারের দাবি জানিয়ে যাবে। উল্লেখ্য যে, ভিলারুয়েলের বাবা ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধে অংশ নিয়েছিলেন। ৭৪ দিন স্থায়ী সেই যুদ্ধে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তবে ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির অবস্থানের বিপরীত। স্কালোনি বিষয়টিকে নিছক একটি ফুটবল ম্যাচ হিসেবেই দেখছেন। এদিকে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মন্টেওলিভা জানিয়েছেন যে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেডিয়ামে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সংশ্লিষ্ট পতাকা বা সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এস এম/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language