বিশ্বকাপের ফাইনালে সুপার বোলের আদলে হাফটাইম শো, বাড়তে পারে বিরতির সময়

ওয়াশিংটন, ১৫ জুলাই – ফিফা বিশ্বকাপের ফাইনাল এবার শুধু ফুটবলের মাঠের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো এই আসরের ফাইনালে সুপার বোলের আদলে বিশেষ বিরতির সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এর ফলে স্বাভাবিক ১৫ মিনিটের বদলে ফাইনালের বিরতি ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ও নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পী ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বার্না বয় এবং দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস। এছাড়া অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল ও পিএস বাইশ কোরাসও এই আয়োজনে অংশগ্রহণ করবে।
পুরো অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফার সূত্র অনুযায়ী, হাফটাইমের বিরতি বাড়িয়ে ২০ মিনিট করার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে নির্ধারিত ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
সাধারণত আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী ম্যাচের বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার সুযোগ নেই। এ কারণে ফিফার এমন অভিনব পরিকল্পনা নিয়ে ফুটবল মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। এর আগে গত বছর নিউ জার্সিতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে খেলা শুরু হতে ২৪ মিনিট বিলম্ব হয়েছিল।
ফাইনাল ম্যাচ শুরুর আগে বর্ণাধ্য সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন। স্থানীয় সময় বিকেল ৩টায় এবং বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।
এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা থেকে শুরু হবে সমাপনী আয়োজন। ইতোমধ্যে ফ্রান্সকে ২ শূন্য গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড। বুধবার দিবাগত রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
এস এম/ ১৫ জুলাই ২০২৬









