এআই মানুষের সৃজনশীলতার জায়গা নিতে পারবে না: ক্রিস্টোফার নোলান

প্যারিস, ১৩ জুলাই – বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কার চললেও মানুষের মৌলিক সৃজনশীলতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন প্রখ্যাত অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান। বিনোদন ও সৃজনশীল শিল্পে এআইয়ের প্রভাব নিয়ে চলমান বিতর্কের মধ্যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই প্রযুক্তি মানুষের সৃজনশীল সত্তার বিকল্প হতে পারবে না।
সম্প্রতি প্যারিসে নিজের নতুন চলচ্চিত্র দ্য ওডিসি এর প্রচারণায় সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, করপোরেট বিশ্ব এআই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করলেও সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর প্রতি এক ধরনের অনীহা বা অবজ্ঞা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি নিম্নমানের কন্টেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি একে এআই স্লপ হিসেবে অভিহিত করেন। নোলান মনে করেন, এআই মানুষের সৃজনশীলতার জায়গা দখল করে নেবে এমন ধারণা একেবারেই অযৌক্তিক।
গ্রিক মহাকাব্য অবলম্বনে বড় বাজেটে নির্মিত দ্য ওডিসি সিনেমাটি চলতি সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। নোলান বলেন, এআই ভবিষ্যতে কিছু দরকারি ইমেজিং টুল বা দৃশ্যমান অনুষঙ্গ তৈরিতে সহায়ক হতে পারে। তবে মানুষের মগজ ও আবেগ থেকে উৎসারিত সৃজনশীলতাকে এটি পুরোপুরি প্রতিস্থাপন করবে এমনটা ভাবা নেহাতই বোকামি।
এর আগে ২০২৩ সালে ওপেনহাইমার সিনেমাটি মুক্তির সময়ও এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এই নির্মাতা। সে সময় দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এআইয়ের ঝুঁকিকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকির সঙ্গে তুলনা করেন।
নোলানের মতে, ওপেনহাইমার যেমন পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে সংযমের কথা বলেছিলেন, বর্তমানে ড. জিওফ্রে হিনটনের মতো এআই বিশেষজ্ঞরা এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে যে সতর্কবার্তা দিচ্ছেন তার মধ্যে গভীর মিল রয়েছে।
নোলান আরও বলেন, এআই একটি শক্তিশালী প্রযুক্তিগত হাতিয়ার হিসেবে আবির্ভূত হতে পারে কিন্তু এর ব্যবহার নিয়ে দায়িত্বশীল হওয়া জরুরি। বিশেষ করে নীতিনির্ধারক বা প্রযোজকরা যেন নিজেদের দায় এড়ানোর অজুহাত হিসেবে এই প্রযুক্তিকে ব্যবহার না করেন।
তার মতে, এআই মূলত কোটি কোটি ডেটা রিঅ্যারেঞ্জ করে ফলাফল দেয়। কিন্তু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, দুঃখ ও মনস্তাত্ত্বিক গভীরতা থেকে যে শিল্প তৈরি হয়, একটি কোডিং সফটওয়্যার কখনোই তার সমকক্ষ হতে পারবে না।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









