ইরানের খুজেস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১

তেহরান, ১৩ জুলাই – ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অন্তত আটটি স্থানে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত সোমবার রাতে সংঘটিত এই হামলার তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন বাহিনী গত কয়েক ঘণ্টায় খুজেস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে শুরু করে ২টা ২০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে এই হামলাগুলো পরিচালিত হয়।
ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, সরকারি কর্মকর্তারা বর্তমানে প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। আহভাজ বিমানবন্দরে সরাসরি হামলার খবর তিনি অস্বীকার করলেও জানান যে, বিমানবন্দরের উপকণ্ঠে দুটি স্থানে হামলা হয়েছে। এর আগে তিনি নিশ্চিত করেন যে, মাহশাহর এলাকার একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলকে নতুন করে অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ আরোপের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আগামী নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে এই যুদ্ধাবস্থা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে।
ইরান দাবি করেছে যে, শনিবার কয়েকটি জাহাজ অননুমোদিত পথে নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা অগ্রাহ্য করে। এই ঘটনার প্রেক্ষিতেই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ রাখা হবে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তারা এই প্রতিশোধমূলক হামলা শুরু করে।
এনএন/ ১৩ জুলাই ২০২৬









