কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

দোহা, ১২ জুলাই – কাতারের সাবেক আমির ও দেশটির বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আমিরি দিওয়ানের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়েছে, মহান আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অটল বিশ্বাস রেখে আমিরি দিওয়ান এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। মহান আল্লাহ মরহুমের ওপর রহমত বর্ষণ করুন। শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
তার দীর্ঘ শাসনামলে কাতার প্রাকৃতিক জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে অভাবনীয় অর্থনৈতিক উন্নয়ন সাধন করে। অবকাঠামো নির্মাণ ও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে কাতারকে একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার নেপথ্যে তার অবদান অনস্বীকার্য।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং তার পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি কাতারে ফাদার আমির হিসেবে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
এস এম/ ১২ জুলাই ২০২৬









