মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি: ‘একতরফা চুক্তির দিন শেষ’

তেহরান, ১২ জুলাই – একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের জন্য এবার বড় মূল্য দিতে হবে বলে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে, প্রতিশ্রুতি রক্ষা না করার পরিণাম এখন দৃশ্যমান হতে শুরু করেছে।

গালিবাফ তার এই বার্তার সঙ্গে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকের একটি নির্দিষ্ট অনুচ্ছেদের ছবি যুক্ত করেন, যেখানে হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে ইরানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকারের কথা বলা হয়েছে। এদিকে ইরানে তৃতীয় দফার হামলা শুরু করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত পঁচিশটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিশেষ করে বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়ের এবং আসালুয়েহ এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এছাড়া বন্দরনগরী জাসক, আব্বাস, সিরিক ও চাবাহারেও সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপের বিপরীতে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরানও।

কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে দফায় দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের দাবি অনুযায়ী, এই হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তেজনা বৃদ্ধির ফলে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

এস এম/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language