ফুটবল

ব্যর্থতার দায়ে সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াওকে বরখাস্ত

ডাকার, ১২ জুলাই – ফিফা বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে প্রধান কোচ পাপে থিয়াওকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। শনিবার এক বিবৃতিতে সেনেগালের ফুটবল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে না পারায় কোচ পরিবর্তনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৪৫ বছর বয়সী থিয়াওয়ের অধীনে সেনেগাল এই বছরের শুরুতে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে উঠেছিল। তবে মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে রেফারির পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সেনেগাল শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে অংশ নেয়। কিন্তু গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে বিদায়ের শঙ্কায় পড়ে তারা। পরবর্তীতে সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা পেলেও বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।

শেষ ষোলোর লড়াইয়ে ৮৫ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানতে হয় তাদের। এদিকে ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য অনুযায়ী সেনেগালের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন প্যাট্রিক ভিয়েরা।

ডাকার বংশোদ্ভূত এই ফরাসি তারকাকে নিয়ে জোরালো আলোচনা চলছে। আগামী সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language