ইংল্যান্ড সফরে ভারতের ভরাডুবি: সিরিজ শেষে বিসিসিআইয়ের জরুরি রিভিউ মিটিং

নয়া দিল্লি, ১১ জুলাই – টি-টোয়েন্টি ফরম্যাটে টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেও ইংল্যান্ড সফরে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। সফরের প্রথম ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজিত হয়েছে তারা আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
আয়ারল্যান্ডের মতো তুলনামূলক ছোট দলের কাছে সিরিজ হার এবং ইংল্যান্ডের বিপক্ষে টানা পরাজয় ভারতীয় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় তুলেছে। বিশ্বকাপজয়ী স্কোয়াডে বেশ কিছু পরিবর্তনের প্রভাব মাঠের পারফরম্যান্সে স্পষ্টভাবে দৃশ্যমান। নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদবকে দল থেকে বাদ দিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারের হাতে।
এছাড়া ১৫ বছর বয়সী তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর অভিষেক হলেও তিনি এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি। সব মিলিয়ে দলের মধ্যে একটি টালমাটাল অবস্থা বিরাজ করছে। দলের এই নাজুক অবস্থায় নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বর্তমানে স্কটল্যান্ডে আইসিসির বোর্ড মিটিংয়ে থাকা বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন যে সফর শেষে দেশে ফিরলেই দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা সভা করা হবে। তিনি বলেন ইংল্যান্ড সিরিজে দলের কোথায় ভুল হয়েছে তা খতিয়ে দেখাই এই সভার মূল উদ্দেশ্য।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন খারাপ সময় আসতেই পারে বলে তিনি মন্তব্য করেন। আগামী ১৯ জুলাই ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এই সভা অনুষ্ঠিত হবে। গৌতম গম্ভীর প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের পারফরম্যান্সে ব্যাপক উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে।
আইসিসি ইভেন্টগুলোতে সাফল্য পেলেও টেস্ট ফরম্যাটে ভারতের অবস্থা বেশ শোচনীয়। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ এখন বেশ জটিল।
আইপিএল পারফর্মারদের টেস্ট দলে প্রাধান্য দেওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও গম্ভীর তার অর্জিত সাফল্য দিয়ে সমালোচকদের জবাব দেওয়ার চেষ্টা করছেন। এখন দেখার বিষয় আগামী ওয়ানডে বিশ্বকাপে গম্ভীর দলকে কতটা গুছিয়ে নিতে পারেন।
এস এম/ ১১ জুলাই ২০২৬









