বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদি আরবের নতুন ভিসা প্যাকেজ ঘোষণা

রিয়াদ, ১১ জুলাই – বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে নতুন এক সমন্বিত প্যাকেজ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ছাড়াও মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর পর্যটকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই কর্মসূচির মাধ্যমে পর্যটকরা একটি মাত্র বুকিংয়ের মাধ্যমে তাদের পুরো সফরের পরিকল্পনা সম্পন্ন করতে পারবেন। এই প্যাকেজের মধ্যে ফিরতি ফ্লাইটের টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন করা কিংবা দূতাবাসে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না। প্যাকেজটি ক্রয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটকের ইমেইলে ইলেকট্রনিক ভিসা ও ভ্রমণ বীমাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সি এই সেবা দেওয়ার অনুমতি পেয়েছে। এই ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি একবার ব্যবহারের সুযোগ থাকবে। ভিসার মাধ্যমে পর্যটকরা সৌদি আরবে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
প্রাপ্তবয়স্কদের জন্য দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য চার হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী প্রতিদিনের জন্য অতিরিক্ত এক হাজার রিয়াল খরচ করতে হবে। যদিও এই প্যাকেজে মক্কা বা মদিনায় ওমরাহ পালনের নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখা হয়নি, তবে ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে অবাধে যাতায়াত করতে পারবেন।
ভবিষ্যতে এই কর্মসূচির আওতা বৃদ্ধি করা হবে এবং আরও অনেক দেশকে এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এনএন/ ১১ জুলাই ২০২৬









