জাতীয়

তরুণদের সম্ভাবনাকে উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা, ১১ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন অভিযাত্রার অন্যতম প্রধান লক্ষ্য হলো তরুণদের অমিত সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তর করা। সেই লক্ষ্য অর্জনে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সমন্বিত করে সরকার বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

এবারের দিবসের প্রতিপাদ্য তারুণ্যের আশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি এবং আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজকের তরুণরাই তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রধান শক্তি। সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রতিটি তরুণ যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখবে।

প্রধানমন্ত্রী বাণীতে বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, তরুণরা সুস্থ ও শিক্ষিত হয়ে বেড়ে উঠলে তারাই হবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রধান কারিগর।

এনএন/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language