কুমিল্লা

লাকসামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত, আহত ১৫

কুমিল্লা, ৭ জুলাই – কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটা এসব দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি এ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাছিহাটা গ্রামের বাসিন্দা মো. মোস্তফা কামাল এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খানাতুয়া গ্রামের তাসলিমা আক্তার। নিহত তাসলিমা আক্তার ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু জাফরের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের খিলাবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস তাসলিমা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে ভোর ৭টার দিকে বিপুলাসার বাজারের কাছে কাঁচি নামক স্থানে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।

অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত মোস্তফা কামালের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খিলা বাজারে নিহত নারীর মরদেহ স্বজনরা তাৎক্ষণিক নিয়ে যাওয়ায় পুলিশ সেখানে গিয়ে মরদেহ পায়নি।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language