ফুটবল

বিশ্বকাপে উনাই সিমনের বিশ্ব রেকর্ড, ভাঙলেন ওয়াল্টার জেঙ্গার দীর্ঘদিনের কীর্তি

মাদ্রিদ, ৭ জুলাই – ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে ক্লিন শিট ধরে রেখে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপে টানা ৬০৯ মিনিট কোনো গোল হজম না করে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার অনন্য কীর্তি এখন সিমনের দখলে। স্পেনের জালে বিশ্বকাপে সর্বশেষ গোলটি করেছিলেন জাপানের আও তানাকা। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই গোলের পর থেকে আর কোনো প্রতিপক্ষ স্পেনের রক্ষণভাগ ভেদ করতে পারেনি।

এরপর মরক্কোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচেও ক্লিন শিট ধরে রেখেছিল স্পেন, যদিও টাইব্রেকারে বিদায় নিতে হয়েছিল দলটিকে। ২০২৬ বিশ্বকাপে সেই রক্ষণ আরও দুর্ভেদ্য হয়ে উঠেছে।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র থেকে শুরু করে সৌদি আরবকে ৪-০, উরুগুয়েকে ১-০, অস্ট্রিয়াকে ৩-০ এবং সর্বশেষ পর্তুগালকে ১-০ গোলে হারানোর প্রতিটি ম্যাচেই অক্ষত ছিল স্পেনের জাল। দৃঢ় রক্ষণভাগ, শৃঙ্খলাবদ্ধ দলগত পারফরম্যান্স এবং গোলপোস্টের নিচে সিমনের অসাধারণ পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে এই নতুন ইতিহাসের সাক্ষী হলো স্পেন।

৬০৯ মিনিট ধরে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রেখে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় এই রেকর্ড এখন স্পেনের এই তারকা গোলরক্ষকের দখলে।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language