ব্রাজিলের বিদায়ে অসুস্থ হয়ে হাসপাতালে নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

ঢাকা, ৬ জুলাই – বিশ্বকাপ ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ে শোকাতুর হয়ে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। প্রিয় দলের হারের ধাক্কা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে। অসুস্থ দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিভাগীয় ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষার এবং সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানান, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই মাশরুফা শারমীন এ্যানি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে শিউলিমালা হলের এই আবাসিক শিক্ষার্থী মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন এবং কয়েক দফা বমি করেন। তাৎক্ষণিকভাবে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়। একই সময়ে অসুস্থ হয়ে পড়েন ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষারও। তাকেও একই হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। প্রিয় দলের এমন হারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে সমর্থকদের মাঝে গভীর হতাশা লক্ষ্য করা গেছে।
এস এম/ ৬ জুলাই ২০২৬









