জাতীয়

রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে বাংলাদেশের গম আমদানির শীর্ষে আর্জেন্টিনা

ঢাকা, ৪ জুলাই – বাংলাদেশে গম আমদানির প্রধান উৎস হিসেবে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলেছে আর্জেন্টিনা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুসারে গত অর্থবছরে মোট আমদানিকৃত গমের প্রায় ৩০ শতাংশই এসেছে দক্ষিণ আমেরিকার এই দেশ থেকে।

তথ্য বিশ্লেষণে দেখা যায় গত অর্থবছরে বাংলাদেশে রেকর্ড ৭৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি করা হয়েছে। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে গমের সর্বোচ্চ আমদানির পরিমাণ এবং আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। এক সময় বাংলাদেশের গমের বাজারে প্রধান উৎস হিসেবে আধিপত্য ছিল রাশিয়া ও ইউক্রেনের।

তবে ২০২২ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আমদানিকারকেরা বিকল্প বাজার খুঁজতে শুরু করেন এবং এর ফলে আর্জেন্টিনার প্রতি নির্ভরশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

এনবিআরের হিসাবে বিদায়ী অর্থবছরে আর্জেন্টিনা থেকে মোট ২২ লাখ টন গম আমদানি হয়েছে যার বাজারমূল্য প্রায় ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে রাশিয়া থেকে আমদানির পরিমাণ কমে ১৬ লাখ ৭৯ হাজার টনে দাঁড়িয়েছে।

বর্তমানে বাংলাদেশের মোট গম আমদানিতে রাশিয়ার অংশীদারত্ব ২৩ শতাংশে নেমে এসেছে যা পূর্বে অনেক বেশি ছিল। এছাড়া বিদায়ী অর্থবছরে ব্রাজিল থেকে ৪ লাখ ৭৬ হাজার টন গম আমদানি করা হয়েছে যা মোট আমদানির ৬ দশমিক ৪১ শতাংশ।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language