জাতীয়

দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭২৯

ঢাকা, ৩ জুলাই – দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে হাম ও সংশ্লিষ্ট জটিলতায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭২৯ জনে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৬৩৬ জনের মৃত্যু সন্দেহজনক হামের কারণে হয়েছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামে মৃত্যু না হলেও সন্দেহভাজন হামে ৫ জন প্রাণ হারিয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের দেহে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ছিল ৯৬৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে দেশে মোট ১২ হাজার ৪২৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৫৪৩ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মৃতের সংখ্যা ৫৭ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের এই রোগ থেকে সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

এনএন/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language