ফুটবল

ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বিদায় নিল ৫টি দল

ওয়াশিংটন, ২৪ জুন – ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাঁচটি দলের। ফিফার প্রবর্তিত নতুন নিয়ম এই বিদায়ের পেছনে মূল ভূমিকা পালন করেছে। দীর্ঘদিনের প্রচলিত নিয়মে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানকে প্রাধান্য দেওয়া হতো।

তবে এবার সেই সমীকরণ বদলে সবার আগে মুখোমুখি লড়াই বা হেড টু হেড ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে গাণিতিক সম্ভাবনা থাকলেও মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকায় অনেক দলই আগেভাগে ছিটকে গেছে। দুই ম্যাচ শেষে বিদায় নিশ্চিত হওয়া দলগুলো হলো হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান এবং পানামা।

নতুন এই নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি লড়াইয়ের ফল দেখা হবে। এরপর পর্যায়ক্রমে গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে। গ্রুপ এল এ পানামা নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে ঘানার মুখোমুখি হয়েছিল।

তবে ১-০ গোলে পরাজিত হয়ে টানা দুই ম্যাচে হারের স্বাদ নিয়ে তাদের বিদায় নিশ্চিত হয়। অন্যদিকে তুরস্কের বিদায় ছিল বেশ হতাশাজনক। আর্দা গুলার ও কেনান ইলদিজদের দল দুই ম্যাচে ৬২টি শট নিলেও একটিও গোল করতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর প্যারাগুয়ের বিপক্ষেও তারা গোলশূন্য থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

হাইতির বিশ্বকাপ যাত্রাও শেষ হয়েছে দুই ম্যাচেই। স্কটল্যান্ডের কাছে হারের পর ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয় তারা। কোচ পরিবর্তন করেও ভাগ্য ফেরাতে পারেনি তিউনিসিয়া।

জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। নবাগত দল জর্ডান লড়াই করলেও অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ফিফার এই নতুন নিয়ম এবারের আসরকে আরও বেশি অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language