ফুটবল

আর্জেন্টাইন লেখক ড্যান লান্দে এখন ঢাকায়, আজ ঢাবিতে খেলা দেখবেন

ঢাকা, ২২ জুন – আর্জেন্টিনার ফুটবল ও লিওনেল মেসির প্রতি বাংলাদেশি সমর্থকদের অভাবনীয় উন্মাদনা সচক্ষে দেখতে বাংলাদেশে এসেছেন দেশটির প্রখ্যাত ভ্রমণ লেখক এবং কনটেন্ট নির্মাতা ড্যান লান্দে। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি লান্দে ও তার দলের উপভোগ করার কথা রয়েছে।

এই আয়োজনে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। আর্জেন্টিনার জনপ্রিয় সাংস্কৃতিক দূত ড্যান লান্দে রুলো নামেও সমধিক পরিচিত। গত রবিবার সকালে তিনি তার দলসহ ঢাকায় পৌঁছান। আগামী ২৯ জুন পর্যন্ত তাদের বাংলাদেশে অবস্থানের কথা রয়েছে।

সফরকালে তারা বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখবেন এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে সময় কাটাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা নাহিদুজ্জামান শিপন জানান, আর্জেন্টিনার প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসার আগ্রহ প্রকাশ করেছে।

আবহাওয়া অনুকূলে থাকলে মুহসিন হলের মাঠে তারা সমর্থকদের সঙ্গে একত্রিত হবেন। এদিকে আগামী ২৪ জুন লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ফ্ল্যাশমবের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতেও আর্জেন্টিনার প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানিয়েছে, দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে এই সফরের আয়োজন করা হয়েছে। ড্যান লান্দের সঙ্গে এই সফরে আরও চারজন আর্জেন্টাইন পেশাজীবী যোগ দিয়েছেন। তাদের সফরসূচিতে পুরান ঢাকা, আমিনবাজার এবং মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language