স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দ

মাদ্রিদ, ২১ জুন – স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। একই সাথে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ এবং পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত আদালতের আদেশে জানানো হয়, মামলার বিচারক হুয়ান কার্লোস পেইনাডো চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গোমেজকে প্রতি মাসে দুইবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি যাতে স্পেন ত্যাগ করতে না পারেন, সেই লক্ষ্যে দেশের সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
তবে বিচার কার্যক্রম শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ২০২৪ সালের এপ্রিলে একটি দুর্নীতিবিরোধী সংগঠনের অভিযোগের ভিত্তিতে বেগোনা গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে তহবিল আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং ব্যবসায়িক লেনদেনে অনিয়মের অভিযোগ আনা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ পদ সৃষ্টি ও তা পরিচালনার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ ব্যবহার করেছেন।
তবে পেদ্রো সানচেজ ও বেগোনা গোমেজ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল দাবি করেছে যে, তিনি গত দুই বছর ধরে রাজনৈতিক ও বিচারিক হয়রানির শিকার। অন্যদিকে বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানালেও সানচেজ তা প্রত্যাখ্যান করেছেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডানপন্থী মহল সরকারকে দুর্বল করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ সামনে আনছে। প্রধানমন্ত্রীর ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধেও পৃথক দুর্নীতির অভিযোগ ও তদন্ত চলছে, যা বর্তমান সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এস এম/ ২১ জুন ২০২৬









