চাঁদপুর

মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি: ফেনীতে আড়াই ঘণ্টা আটকে ৮০০ যাত্রী

চাঁদপুর, ২০ জুন – চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। শনিবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর ইঞ্জিনের মোটর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনায় ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা স্টেশনে আটকে থাকায় অন্তত ৮০০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিনে আগুনের আভাস পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় অনেক যাত্রী বিকল্প হিসেবে সড়কপথ বেছে নিয়েছেন।

ট্রেনের যাত্রী এনামুল হক জানান, তিনি সকাল সোয়া সাতটায় লাকসাম থেকে উঠেছেন। দুই ঘণ্টার বেশি সময় ধরে ফেনীতে বসে থাকায় সাধারণ যাত্রীদের অনেক কষ্ট হচ্ছে। আরেক যাত্রী রাশেদা বেগম জানান, শিশুদের নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি বিপাকে পড়েছেন।

ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ হারুন জানান, চট্টগ্রামের ফৌজদারহাট থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সরিয়ে নেওয়ার পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে। তিনি আরও জানান, ট্রেনটি একটি লাইনে আটকে থাকলেও পাশের অন্য দুটি লাইন সচল থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language