১০ হাজার শিক্ষককে অবসর সুবিধার চেক দেওয়া হবে: অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন

চাঁদপুর, ২১ জুন – বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব নিযুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য তার দপ্তরের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন।
আগে যেখানে সাধারণ শিক্ষকদের সচিবের কক্ষে প্রবেশ করা দুষ্কর ছিল, এখন তারা সরাসরি দেখা করে তাদের সমস্যার কথা জানাতে পারছেন। সচিব তার বক্তব্যে বিগত সময়ের নানা অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, গত সরকারের সময় পর্যাপ্ত তহবিল থাকা সত্ত্বেও শিক্ষকদের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল।
এমনকি অবসর সুবিধা বোর্ডের সফটওয়্যার পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে রাখা হয়েছিল। বর্তমানে সেই প্রতিকূলতা কাটিয়ে বোর্ডকে পুনর্গঠনের কাজ চলছে। তিনি আরও জানান, ২০২১ সাল পর্যন্ত শিক্ষকদের বকেয়া সুবিধা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে সকল বকেয়া পরিশোধ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
পরিকল্পনার অংশ হিসেবে খুব শীঘ্রই সারা দেশের অন্তত ১০ হাজার শিক্ষককে আনুষ্ঠানিকভাবে অবসরকালীন সুবিধার চেক প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এবিএম শাহ আলম টিপু। এতে শিক্ষক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ২১ জুন ২০২৬









