চাঁদপুর

চাঁদপুরে বৃদ্ধার পেট থেকে সাড়ে ৬ কেজির ফুটবল আকৃতির টিউমার অপসারণ

চাঁদপুর, ৮ আগস্ট – চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের একটি বড় টিউমার সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। ফুটবল আকৃতির এই টিউমারটির প্রকৃত ওজন ছিল ৬ কেজি ৪৫০ গ্রাম।

চিকিৎসকদের মতে, অস্বাভাবিক বড় আকৃতির এই টিউমারটির অস্ত্রোপচার ছিল অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ।

শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টার এক সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি বের করে আনা হয়। এই অস্ত্রোপচারে নেতৃত্ব দিয়েছেন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক ডা. এইচ এম হাসান ইমাম সানী। তার সঙ্গে বিশেষজ্ঞ দলে ছিলেন জেনারেল সার্জন ও ল্যাপারোস্কোপিক কনসালটেন্ট ডা. মো. হাসান জুলকার নাইনসহ একদল দক্ষ চিকিৎসক।

অস্ত্রোপচার পরবর্তী সময়ে রোগী মিলন বেগম বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মিলন বেগম চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া এলাকার বাসিন্দা এবং তিনি পাঁচ সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছিল এবং খাবার গ্রহণে সমস্যা হচ্ছিল। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে বিশাল আকৃতির একটি ওভারিয়ান টিউমার শনাক্ত হয়। টিউমারটির আকার অতিরিক্ত বড় হওয়ায় ঢাকার বাইরে এমন অস্ত্রোপচার ছিল বেশ চ্যালেঞ্জিং।

কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চাঁদপুরেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন রোগীর স্বজনরা।

অস্ত্রোপচার দলে আরও অংশ নেন ডা. আরিফুর রহমান কিরণ, ডা. সাইফ জামান এবং ডা. মনিষা জামান মীম। সফল অস্ত্রোপচার শেষে ডা. এইচ এম হাসান ইমাম সানী জানান, এত বড় টিউমার বেশ বিরল এবং মানবিক দিক বিবেচনা করে তারা এই কঠিন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে রোগী আশঙ্কামুক্ত রয়েছেন।

এনএন/ ৮ আগস্ট ২০২৬


Back to top button