নিজের পরিচয় দিয়েও হোটেলে ঢুকতে পারলেন না স্পেনের বোর্হা ইগলেসিয়াস

মাদ্রিদ, ১৯ জুন – চলমান বিশ্বকাপের ব্যস্ততার মাঝেই এক বিড়ম্বনার শিকার হয়েছেন স্পেনের জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার বোর্হা ইগলেসিয়াস। আমেরিকা সফরে টেনেসির চ্যাটানুগা শহরে জাতীয় দলের নির্ধারিত হোটেলে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা তাকে চিনতে না পেরে আটকে দেয়।
কোচ লুইস দে লা ফুয়েন্তের দেওয়া একদিনের ছুটিতে প্রেমিকা মারিয়া ভালেরোকে নিয়ে শহর ঘুরে ফিরছিলেন তিনি। কিন্তু হোটেলের প্রবেশপথে অ্যাম্বাসি সুইটস বাই হিলটনের নিরাপত্তারক্ষীরা তাকে সাধারণ পথচারী ভেবে ভেতরে যেতে বাধা প্রদান করে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ইগলেসিয়াস নিরাপত্তারক্ষীদের বোঝানোর চেষ্টা করছেন যে তিনি জাতীয় দলের একজন খেলোয়াড়। ভাঙা ভাঙা ইংরেজিতে বারবার নিজের পরিচয় দিলেও নিরাপত্তারক্ষীরা তার পরিচয়পত্র বা পাস দেখতে চান।
উপস্থিত ভক্ত ও সাংবাদিকরা চিৎকার করে ইগলেসিয়াসের পরিচয় দিলেও নিরাপত্তারক্ষীরা তা মানতে রাজি ছিলেন না। তারা কন্ট্রোল রুম থেকে বারবার ইগলেসিয়াসের নাম জানতে চান। নিরুপায় হয়ে এই স্প্যানিশ স্ট্রাইকার নিজের নাম বোর্হা ইগলেসিয়াস বলে চিৎকার করতে থাকেন।
অবশেষে দীর্ঘ সময় অপেক্ষার পর ইগলেসিয়াস বাধ্য হয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ফোন করার পর তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
এর আগে নরওয়ের তারকা আর্লিং হালান্ডকে ছদ্মবেশে ঘুরে বেড়াতে দেখা গেলেও ইগলেসিয়াস কোনো ছদ্মবেশ ছাড়াই নিজ দলের হোটেলে ঢুকতে গিয়ে এমন হাস্যকর পরিস্থিতির মুখে পড়লেন।
এস এম/ ১৯ জুন ২০২৬









