কানসাসে ফুটবল সমর্থকদের উবারে বন্দুক হামলা, একজনের মৃত্যু

ওয়াশিংটন, ১৯ জুন – যুক্তরাষ্ট্রের কানসাস সিটির মহাসড়কে ধারাবাহিক বন্দুক হামলার ঘটনায় জড়িত এক যুবককে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্টারস্টেট ৬৭০ এবং ইন্টারস্টেট ৭০ মহাসড়কে চালানো এই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
ওই হামলার শিকার হওয়া একটি উবার গাড়িতে একদল ফুটবল সমর্থক আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাচ্ছিলেন। ভুক্তভোগী এক সমর্থক আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে তারা যখন উবারে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন তখন চলন্ত লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গাড়ি থামানোর পর দেখা যায় উবার চালকের পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এই হামলার সঙ্গে ফুটবল বিশ্বকাপের কোনো সরাসরি সম্পর্ক নেই। পুলিশ এই হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে ২২ বছর বয়সী অস্কার সানচেজ মুনোজ নামের এক যুবককে চিহ্নিত করেছে।
তাকে অত্যন্ত সশস্ত্র এবং বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে। হামলার পর মিসৌরির ইন্ডিপেন্ডেন্স এলাকার একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে পুলিশ সেটি ঘিরে ফেলে। অভিযানের এক পর্যায়ে ওই বাড়িতে রহস্যজনকভাবে আগুন ধরে যায় তবে ভেতরে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
কানসাস সিটির পুলিশ প্রধান স্ট্যাসি গ্রেভস এক সংবাদ সম্মেলনে অপরাধীকে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য যে মাত্র ১০ দিন আগে কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেসক্যাম্পের কাছে আরেকটি বন্দুক হামলায় ৯ জন আহত হয়েছিলেন।
এস এম/ ১৯ জুন ২০২৬









