ইরান থেকে নৌ-অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র: জাহাজ চলাচল শুরু

ওয়াশিংটন, ১৬ জুন – ইরানের সাথে ওয়াশিংটনের প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই অন্তত তিনটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী দুটি কার্গো জাহাজ সফলভাবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।
মঙ্গলবার ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সোমবার সন্ধ্যায় জাহাজগুলো বন্দর ছেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকের প্রথম ফলাফল হিসেবে ইরানের বন্দরে পুনরায় এই জাহাজ চলাচল শুরু হলো।
মার্কিন নৌ-অবরোধের কারণে এই জাহাজগুলো কয়েক মাস ধরে বিভিন্ন বন্দরে আটকা পড়ে ছিল। সংশ্লিষ্ট সামুদ্রিক সূত্রগুলো জানিয়েছে যে জাহাজগুলো এখন কোনো ধরনের বাধা ছাড়াই আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচল করছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ইতিবাচক ঘটনাটি ঘটেছে।
যুদ্ধের অবসান ঘটানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে আমেরিকার নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় নিশ্চিত করেছে যে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ বন্ধ করতে একটি খসড়া চূড়ান্ত করেছে।
এই সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে মার্কিন ও ইসরায়েলি হামলার স্থায়ী অবসান এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে উভয় পক্ষের প্রতিনিধি দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
সেখানে সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরই পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু হবে। পাকিস্তান ও কাতারের সফল মধ্যস্থতায় এখন থেকে ইরানি তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় স্বাধীনভাবে যাতায়াত করতে সক্ষম হবে।
এস এম/ ১৬ জুন ২০২৬









