ফুটবল

মারাকানায় জয়ই আর্জেন্টিনার সাফল্যের টার্নিং পয়েন্ট: ওতামেন্দি

বুয়েনস আইরেস, ১৬ জুন – ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয়ই আর্জেন্টিনার ফুটবলের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দীর্ঘদিনের শিরোপাখরা কাটানোর সেই মুহূর্তটিকেই দলের সাফল্যের মূল ভিত্তি হিসেবে দেখছেন তিনি।

এরপর আর্জেন্টিনা একে একে ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালে পুনরায় কোপা আমেরিকার শিরোপা জিতে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বিশ্বকাপের লড়াই শুরুর আগে এক সাক্ষাৎকারে ওতামেন্দি বলেন, মারাকানায় ব্রাজিলকে হারানোর পর থেকেই আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে সামনে ভালো সময় আসছে।

ওই জয়টি আমাদের জীবন বদলে দিয়েছিল এবং আমাদের জয়ী হতে শিখিয়েছে। প্রতিটি টুর্নামেন্টে আমরা প্রতিপক্ষকে সম্মান জানিয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ৩৮ বছর বয়সী এই ফুটবলার ইঙ্গিত দিয়েছেন যে ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার ক্যারিয়ারের শেষ আসর।

বিদায়ের বিষয়ে আবেগপ্রবণ হয়ে তিনি জানান, তিনি হারতে পছন্দ করেন না এবং সতীর্থদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। ক্যারিয়ারের শেষ দিকে এসে তার এখন একমাত্র লক্ষ্য জাতীয় দলের হয়ে আরও একবার বিশ্বজয়ের স্বাদ নেওয়া।

বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে বুধবার আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওতামেন্দির প্রত্যাশা, অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

এস এম/ ১৬ জুন ২০২৬

Back to top button
🌐 Read in Your Language