মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও অন্য শাখা চলবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৬ জুন – রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও এই প্রতিষ্ঠানের অন্য শাখাগুলো চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান,
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের শুধু প্যাথলজি বিভাগ নয়, বরং পুরো হাসপাতালের লাইসেন্সই বাতিল ঘোষণা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের অন্যান্য শাখা সচল থাকবে। ছয় শিশুর মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।
এই অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে প্রত্যাশিত মান অর্জন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চিকিৎসক ও নার্সদের সম্মিলিত সহযোগিতায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে।
এস এম/ ১৬ জুন ২০২৬









