দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ জুন – দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে অত্যন্ত অনভিপ্রেত হিসেবে বর্ণনা করেছেন। সূত্র জানায়, দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।
সেই উদ্দেশ্যে তিনি রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান। তবে বিমানবন্দরে নামার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও কোনো স্পষ্ট বার্তা দেয়নি কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় অপেক্ষার পর পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং রাতেই কলম্বোর পথে রওনা হন। পরবর্তীতে আজ দুপুরের দিকে তিনি বাংলাদেশে ফিরে আসেন। সরকার এই পুরো বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
এস এম/ ১৫ জুন ২০২৬









