সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা: সীমান্ত পুশইন বন্ধের দাবি

সাতক্ষীরা, ১২ জুন – সাতক্ষীরায় সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন বন্ধের দাবিতে ১১ দলীয় জোটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের জেলা জামায়াত কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় জোটের শরিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
এই ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করার পাশাপাশি বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ সভায় কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে অবৈধ পুশইন অবিলম্বে বন্ধ করা, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং অনুপ্রবেশের ঘটনায় স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া সীমান্ত এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও উদ্বেগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হক। অনুষ্ঠান শেষে ১২ জুন বিকেল ৪টায় ভোমরা এলাকায় এক প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
এস এম/ ১২ জুন ২০২৬









