হরমুজ প্রণালিতে দুই জাহাজে ইরানের হামলা, মার্কিন নৌবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ

তেহরান, ১১ জুন – হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর তা অতিক্রম করার চেষ্টাকালে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। এই ঘটনার পর ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনী এবং আইআরজিসির নৌ ইউনিটের মধ্যে তীব্র সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত বুধবার ইরানি সামরিক কমান্ড থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে যে কাউকেই হামলার লক্ষ্যবস্তু করা হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের জানিয়েছে যে সংঘর্ষ চলাকালে মার্কিন বাহিনী উপকূলীয় সাতটি পয়েন্টে পাল্টা আক্রমণ চালিয়েছে। এখন পর্যন্ত বন্দর আব্বাস, সিরিক, কেশম, হেনগাম দ্বীপ এবং গোরগান অঞ্চলে আমেরিকার হামলার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থাটি আরও উল্লেখ করেছে যে পারস্য উপসাগরের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে আমেরিকার একটি এফ ১৬ যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসির প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এনএন/ ১১ জুন ২০২৬









