মধ্যপ্রাচ্য

লেবাননের তায়েরে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৮ জন

বৈরুত, ৯ জুন – লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তায়েরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ও ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা থাকা সত্ত্বেও আজ মঙ্গলবার এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আলজাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা এই প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।

এর আগে তায়েরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরায়েল। তাদের দাবি ছিল, ঐ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। আলজাজিরা জানিয়েছে, যে স্থানে হামলাটি হয়েছে তা অত্যন্ত জনবহুল এলাকা হিসেবে পরিচিত।

গত রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ঐদিন রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপর উভয় দেশের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে উভয় পক্ষই হামলা বন্ধ করতে সম্মত হয়েছিল।

তবে ইসরায়েল বৈরুতে হামলা বন্ধ রাখলেও লেবাননের দক্ষিণাঞ্চলকে এই যুদ্ধবিরতির আওতামুক্ত রাখে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল জানান, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রাখবেন। তিনি হুশিয়ারি দেন যে, এই হামলার জবাবে ইরান বা হিজবুল্লাহ কোনো পদক্ষেপ নিলে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হবে।

এর আগে ইরান হুমকি দিয়েছিল যে, ইসরায়েল পুনরায় যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তাদের আরও কঠোর জবাব দেওয়া হবে। তবে দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরান এখন পর্যন্ত নতুন কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language