জাতীয়

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

ঢাকা, ৯ জুন – রাজধানীর কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এর ফলে অফিসগামী যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন। পুলিশ সূত্রে জানা গেছে, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত একটি পোশাক কারখানা হুট করে বন্ধ ঘোষণা করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। প্রথমে তারা সড়কের একপাশে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করেন।

কিছু সময় পর তারা সড়কের দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে ওই পথে চলাচলকারী সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় নেমে আসায় যানজটের সৃষ্টি হয়েছিল।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ১০টার পর থেকে পুনরায় যান চলাচল শুরু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language