চাপাইনবাবগঞ্জ

বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় নামল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ, ৮ জুন – দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়ক শক্তি হিসেবে কাজ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান যে ২০২৫ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী জেলাগুলোতে এই কার্যক্রম চালু করা হয়েছে। বিজিবি ও আনসার সদস্যদের এই যৌথ উদ্যোগ সীমান্ত ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তার নিরিখে ১১টি সীমান্তবর্তী জেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি।

এসব এলাকার উপজেলা ও থানা পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যরা ইতিমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং বাড়তি জনবল সরবরাহের লক্ষ্য আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language