এবার হল খুলে দেয়ার দাবিতে ক্যাম্পাসে রাত্রীযাপন ববি শিক্ষার্থীদের

বরিশাল, ২২ ফেব্রুয়ারি – গভীর রাতে হামলার সঠিক তথ্য তুলে ধরে মামলা, অপরাধীদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবির সঙ্গে এবার হল খুলে দেয়ার দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম নেতা অমিত হাসান রক্তিম ও মাহমুদুল হাসান তলাম।
আরও পড়ুন : সকালের মধ্যে হল ছাড়তে হবে জাবি শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী সিয়াম জামান বলেন, অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে ছাড়া অন্য কোথাও নিরাপত্তা নেই। অন্য দিকে প্রশাসনও আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে হল খুলে দিচ্ছে না। বারবার অনুরোধ করার পরেও না। তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এখানে রাত কাটানো ছাড়া উপায় নাই।
এদিকে গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে টানা পঞ্চম দিনের মত নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
তবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখে তারা।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২২ ফেব্রুয়ারি









