জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: প্রতিটি পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকা, ৭ জুন – রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি শিশুর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট আবেদনটি দায়ের করেন। আইনজীবী জানান যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু নিয়ে তদন্ত এবং ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে ৭১৪১/২৬ নম্বর রিটটি করা হয়েছে। আগামী সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয়টি নবজাতক মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারায়। এই মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

কমিটির তদন্ত প্রতিবেদনে হাসপাতালের পরিবেশগত অব্যবস্থাপনা এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে নবজাতকদের চিকিৎসায় পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language