চট্টগ্রাম

চট্টগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম, ২ জুন – চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা এলাকায় মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি ১৩ জন গ্রেফতার হয়েছেন খুলশী থানা এলাকায়। এছাড়া বায়েজিদ বোস্তামী ও কোতোয়ালি থানা থেকে ১২ জন করে, পাঁচলাইশ থেকে ১০ জন এবং ডবলমুরিং থানা এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এর বাইরে ইপিজেড থানা থেকে তিনজন, বাকলিয়া ও কর্ণফুলী থানা থেকে দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এনএন/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language